মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার চিকিৎসাকেন্দ্রগুলোর তালিকা সোমবার প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহের শেষার্ধ নাগাদ সেখানে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এদিন বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সম্পূরক প্রশ্নে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। সাধারণ মানুষ জানতে চায় এ জটিলতার অবসান কবে হবে এবং কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা শুরু করে জনশক্তি পাঠানো সম্ভব হবে। একই সঙ্গে সরকারনির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মীদের যাওয়া নিশ্চিত করতে পৃথক সংসদীয় তদারকি কমিটি গঠন করা যায় কি না, তাও জানতে চান তিনি।
উত্তরে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সোমবারই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রসমূহের তালিকা প্রকাশ করা হবে। ইনশা আল্লাহ, আগামী সপ্তাহের শেষ দিক থেকে শুরু করে চলতি মাসের শেষ নাগাদ কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত অঙ্কের বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করলে কিংবা সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় মালয়েশীয় কর্তৃপক্ষ বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং ২৫টি বেসরকারি এজেন্সিকে প্রসেসিং বা সার্ভিস এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করে। এছাড়া আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তালিকাভুক্ত এসব এজেন্সি নিজ উদ্যোগে নিয়োগকর্তা অনুসন্ধান, চাহিদাপত্র সংগ্রহ, বাংলাদেশে কর্মী বাছাই এবং বিধি মোতাবেক নিয়োগের সার্বিক কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এদিকে বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষাও শুরু হয়েছে।