সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভেরিফিকেশনে আটকে যাওয়া প্রার্থীরা নিয়োগপত্র পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা করেন চাকরিপ্রার্থীরা। এরপর দুপুর দুইটার দিকে জাতীয় জাদুঘরের প্রধান ফটকের পাশে অবস্থান নেন তাঁরা। দাবি আদায়ে এ সময় কাফনের কাপড় জড়িয়ে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, নিয়োগের দাবিতে এর আগে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা অনশন কর্মসূচি পালন করেছিলেন। ওই সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পুনরায় যাচাইয়ের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হলেও পরবর্তী সময়ে এ নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। কর্মসূচিতে অংশ নেওয়া এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যাঁরা এখানে এসেছি, আমরা কেউই ফৌজদারি অপরাধে জড়িত নই। আমাদের কেন বাদ দেওয়া হলো, কারণটাও জানি না। বিনা কারণে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।’
প্রার্থীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে সুপারিশপ্রাপ্ত সহকর্মীদের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এবং অনেকের বেতন-ভাতাও চালু হয়েছে। অথচ নিয়োগপত্র না পেয়ে তাঁরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এবং দীর্ঘ এক মাস পার হলেও সরকারের দিক থেকে কোনো সমাধান মেলেনি। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন ১৩ হাজার ৮৩১ জন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধাপে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও অবশিষ্ট ৮৩ জন এখনও তা পাননি।