ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে ২৬ শিক্ষার্থী বহিষ্কার, যৌন নিপীড়নে শাস্তির মুখে আরও একজন
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুটি বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্ক করা হয়েছে চার শিক্ষার্থীকে। এছাড়া যৌন হয়রানির পৃথক এক অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের অপর এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় শাস্তিমূলক এ পদক্ষেপ নেওয়া হয়। শনিবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান।
বহিষ্কৃতদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী রয়েছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগতদের র্যাগিংয়ের ঘটনায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
অভিযোগ সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের ‘ম্যানার শেখানোর’ অছিলায় দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানকর আচরণে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার ঘটনা ঘটে। এ ছাড়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দাখিল করেন। বিভাগীয় তদন্ত ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির চার সদস্যের একটি তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর এবং চাঁদা দাবির দায়ে ওই বিভাগের নয়জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছেন পাঁচজন—আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আবদুল কাইয়ুম, তারিক জামান ও মোফাজ্জল হোসেন। এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে মুজাহেদুল ইসলাম, সায়েম হাফিজ, আবদুল ফাত্তাহ ও নবী হোসেনকে। পাশাপাশি বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্লাসরুমে অযাচিত হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে একাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, মারধর এবং ২৫ হাজার টাকা দাবির অভিযোগের সত্যতা পেয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং, অর্থ হাতিয়ে নেওয়া, ভুয়া পরিচয়ে হোটেল বুকিং এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান প্রথম আলোকে জানান, ২৭৫তম সিন্ডিকেটের এসব সিদ্ধান্তের কথা চিঠি পাঠিয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।





আপনার মতামত লিখুন